জনগণের প্রতি আমাদের আস্থা আছে
- আপডেট টাইম : ০৫:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / 116
৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, সেই কথা কিন্তু আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।
কাদের বলেন, বিএনপি কিন্তু আমাদের শক্র নয়। নেতিবাচক রাজনীতির কারণে আমরা তাদের বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাঠ করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকারে রেখে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনাল উদ্ভোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসে ফয়সল’র সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।
চৌমুহনী পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন এবং দু’টি প্রকল্পের উদ্ভোধন ঘোষণা করেন।
সেতুমন্ত্রী বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষা কবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দেয়।
তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। শেখ হাসিনার সরকার গরিবের কথা, দেশের উন্নয়ন অগ্রগতির কথা বললে আপনাদের গাত্রদাহ হয়।
বর্তমান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে শহর ও গ্রামকে কাছাকাছি এনে প্রতিটা গ্রামকে শহরে রুপান্তরিত করছে। উন্নয়নে মেয়রদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে। দেশের সকল পৌর মেয়রদের বলবো স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।
এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথি হিসেবে, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। একই সময় ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, বাংলাদেশ নিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।























