এমপিরা ল্যাপটপ-প্রিন্টার পাচ্ছেন
- আপডেট টাইম : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 119
৭১: দাফতরিক কাজে ব্যবহারের জন্য জাতীয় সংসদ সদস্যদের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ এবং প্রায় ২০ হাজার টাকা দামের স্ক্যানিং সুবিধাযুক্ত প্রিন্টার দেয়া হচ্ছে। ইতোমধ্যে সংসদ ভবন থেকে এমপিদের মধ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিলি শুরু হয়েছে।
‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এমপিদের এসব দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাফতরিক কাজে ব্যবহারে ল্যাপটপ ও প্রিন্টার দেয়ার জন্য এমপিদের কাছে চাহিদাপত্রও চাওয়া হয়েছিল। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাপত্র চাওয়া হয়েছিল। সেই চাহিদাপত্র অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের সংসদের কার্যালয় থেকে বিলি করা হচ্ছে এসব। বিতরণ করছে সংসদের আইটি বিভাগ।
আইটি বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল বলেন, ‘আমরা এখনো সবগুলো ল্যাপটপ ও প্রিন্টার পাইনি। তবে পর্যায়ক্রমে এগুলো পাব।’
তিনি বলেন, ‘এমপিদের জন্য এইচপি এলিট বুক কেনা হয়েছে। আর প্রিন্টার কেনা হয়েছে লেজার জেট প্রো মডেলের।’
এদিকে ল্যাপটপ ও প্রিন্টার নেয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।
গত দশম জাতীয় সংসদে ফেরত দেয়ার শর্তে এমপিদের ল্যাপটপ দেয়া হলেও পরে আর তা ফেরত নেয়া হয়নি। এবারও ফেরত নেয়া হবে না বলে জানা গেছে।





















