মৈত্রী গ্রুপে বাড়বে মিত্র
- আপডেট টাইম : ০৭:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / 99
৭১: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’-এটিই ছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসমৃদ্ধ বলিষ্ঠ এই পররাষ্ট্রনীতির আলোকে প্রতিবেশী দেশসহ সারা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করছে বাংলাদেশ জাতীয় সংসদ।
প্রভাবশালী রাষ্ট্রগুলোর আজ্ঞাবহ থেকে তাদের প্রভু হিসেবে না মেনে তাদের সঙ্গে মৈত্রী করে বাংলাদেশকে প্রভাবশালীদের কাতারে শামিল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপানসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে এই নীতি বাস্তবায়ন করা হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে চলা নবম, দশম ও একাদশ সংসদে আশিয়ানভুক্ত অধিকাংশ দেশসহ বিশ্বের প্রায় অর্ধেক দেশের সঙ্গে এরই মধ্যে মৈত্রী হয়েছে। বাকি দেশগুলোর সঙ্গেও মৈত্রী গ্রুপ গঠনের কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
সংসদ বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দেশের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়টিকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে বলছেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বসমাজে নিজের আসনটি পাকাপোক্ত করে ফেলছে। প্রভাবশালী দেশগুলোর আজ্ঞাবহ থেকে তাদের প্রভু হিসেবে না মেনে তাদের সঙ্গে মৈত্রী করে নিজেকে প্রভাবশালীদের কাতারে শামিল করার এই নীতিটি প্রশংসনীয়। এর মাধ্যমেই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মতো আন্তর্জাতিক দুটি বড় সংস্থার নেতৃত্ব পাওয়াটাও সহজতর হয়েছিল বলে মনে করছেন তারা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সার্বিক যোগাযোগ আরো নিবিড় করতে এমপিদের সক্রিয় করা হচ্ছে। বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া বেগবান করতে এমপিদের দিয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করে দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ গঠন হওয়ার পর স্পিকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ও ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম শুরু হয়েছে। লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে সভাপতি করে গঠিত এই গ্রুপে সদস্য রয়েছেন—মো. রুস্তম আলী ফরাজী, মাহবুব আরা বেগম গিনি, মাহমুদ উস সামাদ চৌধুরী, মকবুল হোসেন, আবদুস সোবহান মিয়া, আহসানুল ইসলাম (টিটু) এবং সৈয়দা জাকিয়া নূর।
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে গঠন করা হয়েছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। এই গ্রুপে সদস্য হিসেবে রয়েছেন—মুহিবুর রহমান মানিক, আ ফ ম রুহুল হক, এম. আবদুল লতিফ, ফজলে হোসেন বাদশা, ইউসুফ আব্দুল্লাহ হারুন, অসীম কুমার উকিল, মনজুর হোসেন, সেলিমা আহমাদ ও জাকিয়া তাবাসুম।
বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়েছে আ স ম ফিরোজকে সভাপতি করে। এতে সদস্য হিসেবে রয়েছেন—মো. মোতাহার হোসেন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, ফখরুল ইমাম, সেলিমা আহমাদ ও কাজী কানিজ সুলতানা।
রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ১০ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ-লেবানন সংসদীয় মৈত্রী গ্রুপ।
অধ্যাপক মো. আলী আশরাফকে সভাপতি, জাতীয় সংসদের স্পিকার প্রধান পৃষ্ঠপোষক ও ডেপুটি স্পিকারকে পৃষ্ঠপোষক রাখা হয়েছে এই গ্রুপে। এতে সদস্য রয়েছেন—এইচ এন আশিকুর রহমান, মুহিবুর রহমান, রুস্তম আলী ফরাজী, আয়েন উদ্দীন, ফরিদুল হক খান, মঞ্জুর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম নার্গিস রহমান ও বেগম ফরিদা খানম।
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরো নিবিড় করতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের কাজ শুরু হয়। বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ বিশেষ করে আশিয়ানভুক্ত অধিকাংশ দেশের সঙ্গে এরই মধ্যে মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়ার সঙ্গেও মৈত্রী গ্রুপ গঠনের কাজ চলমান রয়েছে। অন্য দেশগুলোর সঙ্গেও গঠনের কাজ প্রক্রিয়াধীন।
সূত্র জানায়, একাদশ সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হওয়ার পরই প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, চীন, জাপান, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে বিভিন্ন দেশের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের সুপারিশ করেন কমিটির সব সদস্য। এর পরই বিভিন্ন দেশের সঙ্গে গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে বাংলাদেশ ও ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বাংলাদেশ ও ব্রিটেনের সংসদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো নিবিড় করতে এই কমিটি গঠন করে দিয়েছেন স্পিকার। এটি সংসদীয় কমিটি হলেও এই কমিটির মধ্য দিয়ে দুই দেশের এমপি এবং রাজনীতিবিদদের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হচ্ছে।’
গ্রুপ গঠনের বিষয়টিতে সবাই আগ্রহ প্রকাশ করছেন জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে মৈত্রী গ্রুপের কার্যক্রম শুরুর পক্ষে ইতোমধ্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক উইংয়ের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। সব দেশের সঙ্গে গ্রুপ গঠন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রভাবশালী দেশ হিসেবেই পরিগণিত হবে।






















