মেয়েকে না পেয়ে বাবাকে নির্যাতন, অতঃপর…
- আপডেট টাইম : ০৬:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 137
৭১: সুনামগঞ্জের জগন্নাথপুরে বখাটের যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে থাকা মেয়েকে না পেয়ে তার বাবাকে (৬৫) নির্যাতনের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশ ওই তরুণীকে (২৭) তার আত্মীয়ের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত চার বখাটেকে রাতেই পুলিশ আটক করেছে। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত শামীম আহমদকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
আটকেরা হলেন-লিটন মিয়া, আকাই মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক সন্তানের জননী ওই তরুণী তালাকপ্রাপ্ত হওয়ায় দুবছর ধরে বাবার বাড়িতেই থাকতেন। ওই তরুণীকে পাশের গুতগাঁও গ্রামের বখাটে ও ইয়াবা ব্যবসায়ী শামীম প্রায়ই উত্ত্যক্ত করতেন। শামীম গ্রামে প্রভাবশালী হওয়ায় কেউই তার বিরুদ্ধে কথা বলেনি। বাধ্য হয়ে ওই তরুণী সপ্তাহখানেক আগে নবীগঞ্জে চলে যান।
সোমবার রাতে শামীম কয়েকজনকে নিয়ে ওই তরুণীকে তার বাড়িতে খুঁজতে যান। তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে বেধড়ক পেটায় বখাটেরা। পুলিশ খবর পেয়ে রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে। রাতেই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে পুলিশ।
মেয়েটির বাবার অভিযোগ, কিছুদিন আগে শামীম তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে।
জগন্নাথপুর থানার এসআই শিবলী মজুমদার গণমাধ্যমকে জানান, ওই তরুণী শামীমের অত্যাচারে বাড়ি ছেড়ে লুকিয়েছিলেন। রাতে তার বাবাকে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় মুঠোফোন নম্বর দিয়ে আসা হয়। ওই নম্বরে যোগাযোগ করলে পুলিশসহ বাবাকে পাঠিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

















