দুই লাখ বাংলাদেশি বৈধতার সুযোগ
- আপডেট টাইম : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / 128
সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। চলবে আগামী বছরের ৩০ জুন অবধি। এ সময়ে দুই লাখ বাংলাদেশি বৈধতার সুযোগ গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন দেশটির অভিবাসী বাংলাদেশিরা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীর বলেন, শ্রমশক্তির অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫ দেশের নাগরিকদের (সাধারণকর্মী) চার ক্যাটাগরিতে বৈধতা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছেন মালয়েশিয়ার সরকার। বৈধতার এই খবরে আগের মতোই দেশি-বিদেশি অনেক প্রতারক চক্র, দালাল ও এজেন্ট সক্রিয় হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিবাসীদের মাঝে লোভনীয় অফার ও অপপ্রচার চালাচ্ছে। এদের অফার এবং অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত বা প্রতারিত না হোন- এজন্য হাইকমিশন আগাম নানামুখী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। এরইমধ্যে একটি গণনোটিশ জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, বৈধতার জন্য অপরিহার্য পাসপোর্ট নিয়েও দুষ্টচক্র সক্রিয় রয়েছে এমন অভিযোগ আসছে। তবে মিশন এদের ঠেকাতেও এরইমধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে। কাঙ্ক্ষিত ব্যক্তির পাসপোর্টপ্রাপ্তি নির্বিঘ্ন এবং সহজতর করতে ঢাকার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের মধ্যে যারা সর্বশেষ বৈধকরণের সুযোগ বঞ্চিত হবেন, তাদের নিশ্চিতভাবে জেল-জরিমানার মুখোমুখি হতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মতে, ২০২১ সালের ৩০ জুনের (নির্ধারিত ওই সময়) মধ্যে যারা বৈধতার আবেদন করতে বা বৈধতা পেতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কঠোর হবে। অবশ্যই তাদের তাড়িয়ে দেয়া হবে।
নিউজ লাইট ৭১























