অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৩ জন অচেতন, সর্বস্ব লুট
- আপডেট টাইম : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 48
যশোরের কেশবপুর উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের তিনজন অচেতন হয়ে পড়েছেন। এই সুযোগে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বুধবার (২৭ আগস্ট ) দুপুরে উপজেলার হাসানপুর বাজার দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) এবং মেয়ে শান্তা (২৪) হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের আলমারিতে থাকা আড়াই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি হাবিবুর রহমানের বাড়িতে এসে দেখেন সবাই অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে।
এলাকায় প্রায়ই অজ্ঞান পার্টি ও চুরির ঘটনা ঘটছে জানিয়ে হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।” স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও বাড়তে পারে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এলাকাবাসী দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কেশবপুর থানার ওসি জানান, ওই বাড়ির তিনজন সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তখন চোরেরা তাদের বাড়িতে থাকা মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, “তারা মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত বছরও একই বাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওই পরিবারের সবাই অচেতন হয়েছিলেন। এছাড়া, হাসানপুর বাজার সংলগ্ন মাইলবগা গ্রামের আব্দুল খালেক মোড়লের বাড়ির সদস্যদেরকেও অজ্ঞান করে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিউজ লাইট ৭১













