আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর
- আপডেট টাইম : ০১:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 38
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় প্রকল্পে বসবাসরত লোকজনদেরকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ছেড়ে চলে যেতে হুমকি দেয় তারা। পরে সেখানে বসবাসরতরা ঘর ছেড়ে চলে যান।
গত বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী কমিশনার, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম জানান, গতকাল গভীর রাতে একদল দুর্বৃত্ত দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রকল্পে থাকা ২০টি ঘর ভাঙচুর করে ঘরের দরজা জানালাসহ ঘরের ভেতরে থাকার বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা আরও জানান, হামলাকারী আশ্রয়ণ প্রকল্পে থাকা পরিবারগুলোকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। শুক্রবার দুপুরে বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়ে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ লাইট ৭১
















