গরম নিয়ে স্বস্তির আভাস নেই পূর্বাভাসে
- আপডেট টাইম : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / 24
চৈত্রের গরমে অস্বস্তিতে মানুষ। বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়েছে। খুলনা বিভাগসহ দেশের ১২ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
নিউজ লাইট ৭১























