ক্লিংকার নিয়ে ডুবল লাইটার জাহাজ
- আপডেট টাইম : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 27
২ হাজার টন ক্লিংকার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ডুবে গেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের লাইটার জাহাজ ‘এমভি রোকনুর-১’। তবে জাহাজে থাকা ১৩ নাবিক জীবিত রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে চরগজারিয়া এলাকায় নোঙররত অবস্থায় আরেকটি লাইটার জাহাজ পেছন থেকে এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রোকনুর-১’ জাহাজের মালিকানাধীন রোকনুর নেভিগেশন লিমিটেডের প্রধান প্রকৌশলী আবদুল বাসেদ জানান, আমাদের জাহাজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় নোঙর করেছিল। এরপর প্রগতি গ্রিন শিপিং লাইন্স লিমিটেডের ‘এমভি প্রগতি গ্রিন লাইন-১’ জাহাজটি পেছন থেকে এসে ‘রোকনুর-১’ জাহাজে সজোরে ধাক্কা মারে। এতে আমাদের জাহাজটি ডুবে যায়। জীবন রক্ষার্থে আমাদের জাহাজের ১৩ জন স্টাফ সাঁতার কেটে এমভি প্রগতি গ্রিন লাইন-১ জাহাজে উঠে পড়েন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, আজ ভোর রাতে ‘এমভি রোকনুর-১’ নামের ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ জাহাজে ১৩ জন নাবিক ছিলেন। তারা আরেকটি লাইটার জাহাজে উঠে জীবন রক্ষা করেন।
নিউজ লাইট ৭১






















