জীবন্ত সাপ ভক্ষণ
- আপডেট টাইম : ০২:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / 74
সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলছে মেলা। মানসিক আনন্দ নিতে মেলায় প্রতিদিনই ভিড় করছে স্থানীয় মানুষ। তবে মেলায় সার্কাসে জীবন্ত সাপ খাবার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে উঠে প্রকৃতি প্রেমীরা। এমন নির্বিচারে সাপ হত্যায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
মেলার দর্শকদের কাছ থেকে জানা যায়, মেলায় দি কিং স্টার সার্কাসের একটি দল নানা কসরত প্রদর্শন করছে। এরই একটি অংশে একজন মানুষ একটি জীবন্ত সাপ নিয়ে নাচতে থাকেন। পেছনে তখন চলতে থাকে নাগিনের মিউজিক। এক পর্যায়ে সাপ নিয়ে খেলা দেখানো মানুষটি কামড় দিয়ে সাপের মাথা ছিঁড়ে ফেলেন। পরে চামড়া ছিলে সাপের মাংস খেতে থাকেন।
প্রতিদিন তিনটি শো হয় সার্কাসের। গত ৮ দিনে ইতিমধ্যেই অন্তত ৮টি দিনে ২৪ সাপ হত্যা করা হয়েছে। আর মেলা যদি একমাস চলে, তবে সব মিলিয়ে ৯০টি সাপ হত্যার শিকার হবে। যা প্রকৃতি প্রেমীদের আতংকিত করেছে। এভাবে প্রকাশ্যে প্রাণী হত্যার বিচার দাবি করছেন তারা।
মেলার আয়োজক ১নং সোনামুখি ১নং ইউপির চেয়ারম্যান শাহজাহান আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল ভৌমিক জানান, সার্কাসে এমন বীভৎস খেলা দেখানো হয়। তা তারা জানতেন না। তবে সাপ খাবার খেলাটি অভিযোগ উঠার পর তারা বন্ধ করার জন্য সার্কাস কর্তৃপক্ষকে জানিয়ে বন্ধ করার ব্যবস্থা করেছেন।
যদিও স্থানীয়দের অভিযোগ, মেলা আয়োজক কমিটির সদস্যরা স্থানীয় প্রভাবশালী হওয়ার কারণে প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দিলেও তা কোনো কাজে আসছে না। তারা আরও অভিযোগ করেন, সার্কাসের এমন বীভৎস কর্মকাণ্ডের পাশাপাশি যাত্রার নামে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির নৃত্য পরিবেশনসহ ২০ টাকার লটারির নামে সাধারণের পকেট কাটার ব্যবস্থা করেছেন মেলা কর্তৃপক্ষ।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেছেন, সার্কাসে জ্যান্ত সাপ খাবার বিষয়টি নিয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ লাইট ৭১
















