বাংলাদেশে প্রবেশে নতুন বিধিনিষেধ
- আপডেট টাইম : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 17
বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনা অনুযায়ী- দেশে প্রবেশের তিনদিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে নিজেদের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। সিদ্ধান্তটি আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে।
বুধবার (২০ এপ্রিল) বিবৃতির মাধ্যমে এ সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে বেবিচক। একই সঙ্গে উড়োজাহাজে যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধও শিথিল করা হয়েছে। এমনকি পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে।
এদিন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রত্যেক যাত্রীকে বাংলাদেশে প্রবেশের তিনদিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। তারা healthdeclaration.dghs.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করবেন। ফরমটি পূরণ করার পর কিউআর কোডযুক্ত একটি হেলথ কার্ড আসবে। সেটি প্রিন্ট করে কিংবা সফট কপিটি (মোবাইলে) নিজের কাছে রাখতে হবে।
কোনো দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে এলে ট্রানজিট এয়ারপোর্টে চেক-ইন করার আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। বোর্ডিংয়ের সময় এয়ারলাইন্সগুলো যাত্রীদের হেলথ কার্ড আছে কি-না তা যাচাই করবে। আর দেশে প্রবেশের পর বিমানবন্দরে যাত্রীকে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে।
বেবিচকের অনলাইন হেলথ ডিক্লারেশন ফরমে যাত্রীর করোনায় আক্রান্তের তথ্য, টিকা, জ্বর-কাশিসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। এতদিন স্বাস্থ্য অধিদফতরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদফতরের কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো যাত্রীদের।
বাংলাদেশে আগত যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন এই বিধিনিষেধ অনুযায়ী- যেসব যাত্রী করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের আরটি পিসিআর পরীক্ষা করতে হবে না। কিন্তু সে ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকা সার্টিফিকেট দেখাতে হবে।
আর যেসব যাত্রী টিকার এক ডোজ কিংবা কোনো ভ্যাকসিনই গ্রহণ করেননি, তাদের বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না। কিন্তু তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সেখানকার নির্দেশনা অনুসরণ করবেন বলেও নির্দেশনায় বলা হয়।
নিউজ লাইট ৭১























