গত বছরের তুলনায় এবার এক ধাপ অগ্রগতি
- আপডেট টাইম : ০২:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / 21
বিশ্বের অন্যতম খ্যাতনামা একটি গণতন্ত্র সূচকে বাংলাদেশ আবারও হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনের দেশ হিসেবে স্থান পেয়েছে। তবে গত বছরের তুলনায় এবার এক ধাপ অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ২০২১ সালের এ তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নানা ধরনের অনিয়মের কারণে বাংলাদেশে নির্বাচন স্বাধীন ও স্বচ্ছ হতে পারছে না, দুর্নীতির বিস্তার বাড়ছে এবং আইনের শাসন দুর্বল।
১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিউনিসিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম। আগের বছরের তুলনায় নাগরিক স্বাধীনতা সূচকে উন্নতির ফলেই বাংলাদেশের সামান্য অগ্রগতি হয়েছে। সূচকটি নির্ধারিত হয়েছে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে- নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। সব মিলিয়ে ১০-এর মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর পেয়েছে বাংলাদেশ।
ইআইইউ ২০০৬ সালে যখন প্রথম এই সূচক প্রকাশ করে, তখন ৬ দশমিক ১১ স্কোর নিয়ে চিহ্নিত হয়েছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে। কিন্তু পরের বছরই পরোক্ষ সেনাশাসনে বাংলাদেশ মিশ্র শাসনে নেমে যায়। তারপর থেকে এই ক্যাটাগরিতেই রয়েছে।























