তীব্র যানজট বিমানবন্দর সড়কে
- আপডেট টাইম : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / 20
গাজীপুর ও রাজধানীর উত্তরা এলাকার সড়কে সংস্কার কাজ চলায় বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
বিমানবন্দর সড়ক ঘুরে দেখা যায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে গন্তব্য রওনা দেওয়া বহু মানুষকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার জুয়েল রানা বলেন, রাস্তার সংস্কার কাজের জন্য গাজীপুর জেলার চেরাগআলীতে ৩ লেনের জায়গায় ১ লেনে গাড়ি চলাচল করছে। এতে পুরো রাস্তায় গাড়ি ধীর গতিতে চলছে। এজন্য গাজীপুর থেকে রাজধানীর বনানী এবং এদিকে কালসী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার কাজের কারণে এই সড়কে গত কয়েক মাস ধরেই মাঝে মাঝে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর সাথে রয়েছে মেট্রোরেলসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ।
নিউজ লাইট ৭১























