দেশবিরোধীরা ষড়যন্ত্রে নেমেছে
- আপডেট টাইম : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / 91
বিভিন্ন কৌশলে ষড়যন্ত্রকারীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই শক্তি এখন আবারো সক্রিয়। বাংলাদেশ এগিয়ে যাক তারা চায় না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ উন্নয়নের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে নেমেছে।
রোববার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশ সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই এ ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারী অতীতেও ছিল, এখনো আছে। তাদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটেছে। এরই ধারাবাহিকতায় তামাবিল স্থলবন্দরকে সকল প্রকার সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে আধুনিক বন্দর হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তামাবিল স্থলবন্দরে আধুনিক সব সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাষ্টমের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানি কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর আমদানী কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। বক্তরা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয় মন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন। প্রতিমন্ত্রী দ্রুত এসব বিষয় সমাধানের আশ্বাস দেন।এর আগে প্রতিমন্ত্রী তামাবিল স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন।
নিউজ লাইট ৭১























