তরুণদের যাতে বিদেশে যেতে না হয়
- আপডেট টাইম : ০৭:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / 225
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণদের যাতে বিদেশে যেতে না হয়, তারা যেন চাকরি পেয়ে দেশের ভেতরেই থাকতে পারেন. সেই পরিবেশ সৃষ্ট করা হবে। আরও অর্থনৈতিক অঞ্চল করা হবে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের সময় এ নির্দেশনা দেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন। এনইসিতে প্রধানমন্ত্রী আরও দুটি অনুশাসন দিয়েছেন।
অনুশাসন দুটি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ভেতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণরা যাতে দেশের ভেতরেই চাকরি পেতে পারেন।’
প্রধানমন্ত্রীর তিন নম্বর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আর ফসলি জমি যাতে নষ্ট না হয় (ধান পাট গমের জমি), এজন্য ইউনিয়নভিত্তিক মাস্টারপ্ল্যান করা হবে। ল্যান্ড ইউজ প্ল্যান বা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা হবে। অন্যান্য দেশে এ পরিকল্পনা আছে। তিনি (প্রধানমন্ত্রী) আজকে নির্দেশনা দিয়েছেন যে, ভূমিভিত্তিক পরিকল্পনা করা হোক সব ইউনিয়নের জন্য। যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না ওঠায়। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি তেমনি ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করি।’ পরবর্তী সময়ে তার সরকার ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত পৃথক প্রেক্ষিত পরিকল্পনা এবং শতবর্ষ মেয়াদী ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘২০২১ থেকে ’৪১ এই সময়ের মধ্যে দেশকে কীভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবো সেজন্য আরও কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের করতে হবে। যার মধ্যে আজ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি।’
সরকারপ্রধান বলেন, ‘আমরা সরকারে থাকি বা যারাই থাকুক তারা যদি এসব পরিকল্পনা বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশকে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।’
নিউজ লাইট ৭১























