৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন দিবস’
- আপডেট টাইম : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / 111
৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন দিবস’। ১৯৯০ সালের এই দিনে গণ-আন্দোলনের মুখে বাধ্য হয়ে ক্ষমতা হস্তান্তর করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তার এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। সেই থেকে প্রতি বছর দেশে এই দিনটি ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করা হয়।
১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইন জারির মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদ। এরপর টানা ৯ বছর তিনি একনায়কতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করেন। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ১৯৯০ সালে জোরদার হয়। এসময় এরশাদ ফের সামরিক আইন জারি করার জন্য সেনাবাহিনীকে প্রস্তাব দেন। কিন্তু ১৯৯০ সালের ১ ডিসেম্বর সেনানিবাসে অনুষ্ঠিত এক বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, তারা আর এরশাদের পেছনে থাকবেন না। এতেই সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করার এরশাদের ভীত নড়ে যায়। পরে ওই মাসের ৪ তারিখ রাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তার এ পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন সময় লাগে। অবশেষে ৬ ডিসেম্বর অস্থায়ী সরকারের হাতে পুরোপুরি ক্ষমতা হস্তান্তর করেন এইচএম এরশাদ।
দেশের সাধারণ জনগণ দিনটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করলেও আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে থাকে। বিএনপি পালন করে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে। অপর দিকে এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টি (জাপা) প্রতি বছর এ দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।
নিউজ লাইট ৭১























