বিএনপি ভোটে কেন অংশ নেয়, জানালেন কাদের
- আপডেট টাইম : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / 146
৭১: বিএনপি নির্বাচনে কেন অংশ নেয়; এবার সেই বিষয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । জানিয়েছেন, বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জণগণ এখন বুঝে গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।
আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলনের রং কী, বর্ণ কেমন এরইমধ্যে তাদের নেতাকর্মীরা তো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই বস্তুগত পরিস্থিতি এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত। তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন আবার কখনো সরকার পরিবর্তন।
তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।
দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের এ অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে, মতপ্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?
উপ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
এসময় ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।























