যত বেশি নাগরিক সেবা, তত পুরস্কার: আইজিপি
- আপডেট টাইম : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / 105
৭১: গণমানুষের কল্যাণে নাগরিক সেবায় পুলিশের যেকোনো প্রান্তের যেকোনো সদস্য যত বেশি ইতিবাচক কাজ করবেন তত বেশি পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জরুরি সেবা ৯৯৯-এর কলটেকারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দফতর।
এর আগে গত ২৮ মে ঘূর্ণিঝড় আমফানের প্রাক্কালে সুন্দরবনের নিখোঁজ হওয়া ৬ কিশোর উদ্ধারে অবদান রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়।
সম্মাননা পাওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন- ৯৯৯-এর কলটেকার কনস্টেবল পপি আক্তার, বাগেরহাটের ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আজিম উদ্দিন, নায়েক মো. মনিরুল ইসলাম, কনস্টেবল মো. জামিল হোসেন, কনস্টেবল মো. জমিরুল ইসলাম, কনস্টেবল মো. আবুল কালাম, কনস্টেবল মো. টুকু মিয়া, কনস্টেবল মো. জহিরুল ইসলাম এবং স্থানীয় নাগরিক মো. ছগীর আকন, মো. মিলন ফরাজী, মুহাম্মদ সগীর হাওলাদার এবং সোহাগ হাওলাদার। অনুষ্ঠানে আইজিপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা, সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়।
এ সময় আইজিপি বলেন, সুন্দরবনে নিখোঁজ ৬ কিশোর উদ্ধারের মডেলটি স্থানীয় নাগরিক ও পুলিশের মেলবন্ধনের একটি দৃষ্টিনন্দন ও অনুকরণীয় উদাহরণ। পুলিশের সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগ না থাকলে হয়তো সম্ভাবনাময়ী ওই ৬ কিশোরের জীবন বিপন্ন হতে পারতো! ভালো কাজের কোনো শেষ নেই, তাই আমাদের প্রতিনিয়ত অধিকতর ভালো কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আইজিপি উল্লেখ করেন, বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ আমাদের ত্বরান্বিত, গতিশীল এবং সমন্বিত সেবা প্রদান করতে ব্যাপক ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিনিয়ত নানা প্রান্তে নানাভাবে ইতিবাচক নাগরিকবান্ধব কাজ করে চলেছে। সেইসব ভালো কাজ আমাদের দৃষ্টিতে আনতে হবে, যাতে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের প্রণোদনা প্রদান ও পুরস্কৃত করতে পারি।






















