চাকরিচ্যুত হচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য
- আপডেট টাইম : ০৭:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / 91
৭১: ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত হিসেবে শনাক্ত বাংলাদেশ পুলিশের ২৬ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করে ২৬ পুলিশ সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করা হবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে। পুলিশ সদস্য যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো হচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।






















