সপ্তাহব্যাপী ঝরবে স্বস্তির বৃষ্টি
- আপডেট টাইম : ০৬:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 107
৭১: গত কয়েকদিন ধরেই দেশের বেশিরভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী দুই দিনও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া পরবর্তী আরও পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।






















