‘মুজিববর্ষেই বঙ্গবন্ধুর ২ পলাতক খুনিকে ফিরিয়ে আনা হবে’
- আপডেট টাইম : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / 131
৭১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই পলাতক খুনিকে মুজিবর্ষেই ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২জন হত্যাকারীর মধ্যে ৬ জনের বিচার কার্যক্রম সম্পন্ন করেছে। বাকি ৬ জনের মধ্যে একজন মারা গেছেন আর বাকি পাঁচজন বিদেশে পলাতক রয়েছেন। তবে সরকারের কাছে মাত্র দুই খুনির তথ্য রয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মুজিব বর্ষেই নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে চায় সরকার।
মন্ত্রী বলেন, পলাতক ৫ জনের মধ্যে দুজনের ঠিকানা সরকার জানে। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে আর আরেকজন আছেন কানাডায়। আমরা আশাবাদী মুজিব বর্ষেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেই তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। তারপর ইনডেমিনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথও রুদ্ধ করে দেয়া হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে; মামলার পর বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর ফের শ্লথ হয়ে যায় মামলার গতি। আওয়ামী লীগ ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দণ্ডিত পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।























