শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
- আপডেট টাইম : ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / 109
৭১: যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল শনিবার দুপুর ১২টায় ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় ওই ১০১ বাংলাদেশিকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নাম্বার লেখা ছিল।
ফেরত আসা কর্মীরা জনপ্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে পৌঁছান আমেরিকাতে। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর গতকাল একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হন তারা। এরপর বিভিন্ন মেয়াদে ডিপুটেশন ক্যাম্পে থাকার পর গতকাল একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।






















