‘যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর চেষ্টা চলছে’
- আপডেট টাইম : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / 103
৭১: এ মুজিববর্ষেই যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
‘দেশবাসী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠন জনতার প্রত্যাশা।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট হয়েছে খুনি রাশেদ চৌধুরী। সে যেসব মিথ্যা তথ্য দিয়েছে সেসব আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে আশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি রয়েছেন। তাদের মধ্যে দুই জনের ব্যাপারে তথ্য আছে। কানাডায় পলাতক নূর চৌধুরীর বিষয়েও তথ্য আছে। বাকি তিনজনের বিষয়ে তথ্যগুলো ভাসাভাসা।
বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।






















