কক্সবাজারে ৪০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
- আপডেট টাইম : ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / 137
৭১: কক্সবাজার সদরের খুরুশকূল মাঝির ঘাট এলাকায় ৪০ কোটি টাকা মূল্যের ১৩ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল মাঝির ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-১৫ সূত্রে জানা যায়।
আটকরা হল, উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৬ ব্লকের বাসিন্দা মো. বশির আহমদের ছেলে মোহাম্মদ আয়াজ (৩৪) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজী পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৪৫)।
কক্সবাজার র্যাব-১৫ব্যাটালিয়ান দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলারযোগে বিপুল পরিমান ইয়াবার চালান আসার খবরে গত ২১ আগস্ট থেকে র্যাবের একটি দল সাগরে অবস্থান নেয়। এক পর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে র্যাব সদস্যরা নজরদারী জোরদার করে। পরে ধাওয়া দিলে ট্রলারটি বাঁকখালী নদীর কক্সবাজার সদরের খুরুশকূল এলাকায় ধৃত করতে সক্ষম হয়।
এসময় ট্রলারে থাকা এক রোহিঙ্গাসহ ২ জনকে আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশী করে পাওয়া যায় ১৩ লাখ ইয়াবা, নগদ ১০ হাজার ৯০০ টাকা, ১ টি মোবাইল সেট ও ১ টি সীম কার্ড। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা।
আটকদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা পরিবহন তথা পাচারের সাথে ট্রলার মালিকদের বড় একটি অংশ জড়িত।
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান কর্নেল তোফায়েল।

















