করোনা নিয়েই প্রধানমন্ত্রীর সামনে ডাকের ডিজি
- আপডেট টাইম : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 115
৭১: করোনা পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে হাজির হয়েছেন এবং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র (এসএস ভদ্র)। গত ১৪ আগস্টে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি। অথচ নিয়ম অনুযায়ী তখন তার আইসোলেশনে থাকার কথা। সেটা না করে তিনি গণভবনে গিয়েছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করা সুধাংশু শেখর ভদ্রের করোনা পরীক্ষার রিপোর্ট তিনি কোভিড পজিটিভ বলে উল্লেখ করা আছে। সেখানে দেখা গেছে, তার নমুনা নেওয়া হয়েছে ১২ আগস্ট, রিপোর্ট দেওয়া হয়েছে ১৩ আগস্ট।
১৪ আগস্টের ছবিতে দেখা গেছে, সাধারণ একটি সার্জিক্যাল মাস্ক মুখে এবং একটি ক্যাপ মাথায় দিয়ে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন সুধাংশু। তবে কথা বলার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর মুখের মাস্কটি ছিল নামানো।
এ বিষয়ে কথা যোগাযোগ করা হলেও সুধাংশু শেখর ভদ্রের কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তার পার্সোনাল সেক্রেটারি পরিচয় দেওয়া জসিম নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘ডিজি স্যার (সুধাংশু শেখর ভদ্র) আইইডিসিআরের পাশাপাশি বেসরকারি আরও দুটি জায়গায় পরীক্ষা করিয়েছেন, সেখানে নেগেটিভ এসেছে।’
একাধিক প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা এবং সরকারি প্রতিষ্ঠান থেকে পজিটিভ আসার পরও কেউ নেগেটিভ ধরে তার স্বাভাবিক কাজ চালাতে পারেন কিনাÑ এমন প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অবশ্যই আইইডিসিআরের রিপোর্ট গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য। তা ছাড়া একটা নমুনার যদি একাধিক পরীক্ষা হয়, বেসরকারি প্রতিষ্ঠানে যদি একাধিক নেগেটিভ হয়ে কোনো একটাতেও যদি পজিটিভ রিপোর্ট হয় তাহলে পজিটিভ রিপোর্টই গ্রহণযোগ্য। সেটা আইইডিসিআর না হলেও, সেটাই ভ্যালিড বলে ধরতে হবে এবং এটাই নিয়ম।






















