লেবাননে আটকা পড়া ৭১ বাংলাদেশি ফিরেছেন
- আপডেট টাইম : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 136
৭১: লেবাননে আটকে পড়া ৭১ জন বাংলাদেশি বৈরুত থেকে দেশে ফিরেছেন। প্রবাসীদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বুধবার সকালে ঢাকায় অবতরণ করে।
লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার বিমানবাহিনীর একটি সি-১৩০ জে উড়োজাহাজে ত্রাণ-সহায়তা পাঠায়। ফেরার সময় বিমানটি বৈরুতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উড়োজাহাজটি ভোর ৫টায় পৌঁছানোর কথা থাকলেও পরে সকাল সোয়া ৭টায় বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও দেশে ফিরেছেন ৭১ জন।
বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে বিমানবাহিনীর বাহনটি ১০ আগস্ট লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
লেবাননের ওই বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয় ।
এ ছাড়া বিস্ফোরণে বৈরুতে অবস্থানরত বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয় বলেও আইএসপিআর জানায়।
বিস্ফোরণে আহত লেবাননীদের চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

















