সিনহা ঘটনার দায় ব্যক্তির, বাহিনীর নয়: সেনাপ্রধান
- আপডেট টাইম : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 117
৭১: পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী মর্মাহত। সিনহা ঘটনার দায় ব্যক্তির, বাহিনীর নয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার (৫ আগস্ট) কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির উপর পুলিশ ও সেনবাহিনীর আস্থা রয়েছে। সিনহা মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চায় সেনাবাহিনী।
বেনজীর আহমেদ বলেন, ‘ক্রসফায়ার শব্দের সঙ্গে আমরা একমত নই। এটি এনজিওরা বলে। এটি আমাদের এখানে যারা এনজিওগিরি করেন, তারা বিভিন্ন কারণে বিদেশ থেকে পয়সা আনেন। ঝকঝকে গাড়িতে চড়েন, ঝকঝকে অফিসে বসেন। জাস্টিফাই করতে হলে অনেক রকম কথা বলতে হয়। তার মধ্যে ক্রসফায়ার হলো একটি।’
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে আমরা দুই বাহিনীর ঊধর্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ায় সেনা বাহিনী এবং পুলিশ বাহিনী মর্মাহত। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত টিম কাজ শুরু করেছে। তদন্ত টিমের ওপর আমরা সম্পূর্ণ আস্থাশীল।’
তিনি বলেন, ‘তদন্তে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার জন্য ব্যক্তিই দায়ী থাকবেন, প্রতিষ্ঠান দায় নেবে না। এই ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে দুই বাহিনীর সম্পর্কে চির ধরে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে পুলিশ ও সেনাবাহিনী সে বিষয়ে সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনাপ্রধান, পুলিশ প্রধান ও জনপ্রশাসনের ঊর্ধবতন কর্মকর্তারা রুদ্ধদার বৈঠক করেন।
প্রসঙ্গত, পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করেন তিনি।





















