চলাচলে নিয়ন্ত্রণ বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত
- আপডেট টাইম : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 109
৭১: প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে দেশে নিয়ন্ত্রিত চলাচল সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার(৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানা যায়।
এতে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।
ওই অফিস আদেশে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। এছাড়া বাসস্থানের বাইরে সব সময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।
পাশাপাশি হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্ক থাকতে হবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া অফিস আদেশে সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
অফিসে আদেশে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে অসুস্থ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
এছাড়া সকল প্রকার সভা-সমাবেশ, জমায়েত, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়।
তবে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে মসজিদ কিংবা উপাসনাগুলোতে ধর্মীয় কার্যাবলি পালন করা যাবে।






















