ঈদে নগদ টাকা উত্তোলন ও বহনে ডিএমপির ১৫টি পরামর্শ
- আপডেট টাইম : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 128
৭১: পবিত্র ঈদুল আজহায় প্রতিবছরই ক্রয়–বিক্রয়, ব্যবসা–বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। একইসঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ঢাকার রাস্তাঘাট অন্যান্য সাধারণ সময়ের চেয়ে অনেকটাই ফাঁকা।
একটু অসতর্কতার জন্য মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতিকারীরা। তাই অর্থ বহন ও উত্তোলনে সতর্কতা অবলম্বনে ১৫ পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বড় অঙ্কের অর্থ বহনের ক্ষেত্রে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে মানি এসকর্ট সেবা দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছে ডিএমপি। এক্ষেত্রে উল্লেখ্য, পুলিশ এসকর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
কন্ট্রোল রুমের নম্বরসমূহ- ফোন : ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩–৩৯৮৩১১। জাতীয় জরুরি সেবা- ৯৯৯.
নগদ অর্থ উত্তোলন-পরিবহনে ডিএমপির ১৫টি পরামর্শ-
১.বড় অঙ্কের অর্থ একা বহন করবেন না। অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সঙ্গে রাখুন। আপনার অর্থ বহন সংক্রান্ত কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন।
২.পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন।
৩.নগদ অর্থ বহনের পূর্বে নিশ্চিত হয়ে নিন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতিকারীদের না জানিয়ে দেয়।
৪.দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন, যেন দুষ্কৃতিকারীরা পূর্বেই ওত পেতে থাকার সুবিধা নিতে না পারে।
৫.অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন, যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতিকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।
৬.বড় নোট ব্যবহারে সচেষ্ট হোন।
৭.সকল টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় যেমন- পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির নিকট ভাগ করে রাখুন।
৮.গলিপথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন।
৯.ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন।
১০.সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন করুন। ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করুন, সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি না।
১১.বড় অঙ্কের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করুন।
১২.এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কি না নিশ্চিত হয়ে নিন। কেউ থাকলে তিনি বের হওয়ার পর বুথে প্রবেশ করুন।
১৩.এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
১৪.সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন।
১৫.বড় অঙ্কের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এসকর্ট ব্যবহার করুন।
উল্লেখ্য, ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১ আগস্ট শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদিসহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে ঈদ হবে ৩১ জুলাই।






















