তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে: কাদের
- আপডেট টাইম : ০৯:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / 170
নিউজ লাইট ৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোন রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয়। আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে জড়িত প্রত্যেকে নজরদারিতে রাখা হয়েছে। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সেতুমন্ত্রী বলেন, দেশের যে কোনো প্রান্তে হোক- অপরাধের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না। ইতোমধ্যে তারা নজরদারিতে চলে এসেছেন। এই অপকর্মের পিছনে যারা কলকাঠি নাড়ছেন তারাও রেহাই পাবেন না।
বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা মূল্য বৃদ্ধি করা হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দেওয়া লাগছে। তবে বিদ্যুতের ক্ষেত্রে কৃষকের ভর্তুকি খুব কম ধরা হয়েছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের সিজন, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই । একটু কষ্ট হলেও জনগণ এর সুবিধা পাবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।





















