ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায়
- আপডেট টাইম : ০৮:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 145
নিউজ লাইট ৭১: ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঢাকা’র শহীদ মিনারে চলে এসেছেন ‘শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বাংলা ভাষাকে ভালোবেসে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে শহীদ মিনারে ফুল দিতে এসেছেন ‘শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ’ এর সদস্যরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় ফুল দিতে এসেছেন তারা।
শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সভাপতি সুভাষ দেবনাথ বলেন, এই মহান দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের ভাষা, সংস্কৃতি একই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জন্ম থেকেই বাংলায় কথা বলি। আমরা নদীয়া থেকে বাংলাদেশে এসেছি বাংলা ভাষার জন্য জীবন দেওয়া মহান বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।
তিনি বলেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরাও বাংলা ভাষায় কথা বলি। কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে আলাদা করে দিলেও আমাদের ভাষা সংস্কৃতি এক। বাংলায় কথা বলে আমরা গর্ববোধ করি। বাংলা আমাদের অহংকার ও গর্বের ভাষা হয়ে থাকবে।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপর পরই শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ। পরে শহীদ মিনার জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।























