বিয়ের দাবিতে অনশন করছে স্বামী পরিত্যক্তা এক প্রেমিকা
- আপডেট টাইম : ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / 161
নিউজ লাইট ৭১: সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিক নাসিরের বাড়িতে গত দুইদিন ধরে অনশন করছে স্বামী পরিত্যক্তা এক প্রেমিকা। প্রেমিকা বাড়িতে আসার সংবাদ পেয়ে প্রেমিক নাসির বাড়ি থেকে পালিয়ে গেছে। প্রেমিক নাসির উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত মুকিত আখঞ্জির ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত মুকিত আখঞ্জির বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকা প্রেমিক নাসিরের বাড়িতে অনশন করছে বলে জানাগেছে।
ভিকটিম সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ভিকটিমের সাবেক স্বামীর সঙ্গে তালাকের পর প্রেমিক নাসির আখঞ্জির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাসির তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। প্রেমিকা বেশ কিছুদিন ধরে নাসিরকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করবে করবে বলে সে এড়িয়ে চলতে থাকে।
এক পর্যায়ে প্রেমিকা জানতে পারে তার প্রেমিক নাসির তাকে বিয়ে না করে পার্শ্ববর্তী শিবরামপুর গ্রামের এক তরুণীকে আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ে করবে। বিয়ের সংবাদ পেয়ে প্রেমিকা গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। নাসির তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, এ ঘটনাটি উভয়পক্ষের লোকজন তাকে জানিয়েছেন, বিষয়টি সামাজিকভাবে শেষ করার জন্য তাদেরকে অনুরোধ করেছেন তিনি। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এমন একটি ঘটনা শুনেছেন, তবে থানায় এখন পর্যন্ত কেউ বিষয়টি অবগত করেনি।























