১৯৭১ সালে ফিরিয়ে নিতে চায় বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী
- আপডেট টাইম : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / 38
বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলের কাছে দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ নয়। তারা এই দেশকে আবারও ১৯৭১ সালে ফিরিয়ে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা এই দেশটাকে আবারও ১৯৭১ সালে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তারা পাকিস্তান আর্মি থেকে ট্রেনিং পেয়েছে। মানুষ হত্যা করা। সেই ট্রেনিং পেয়ে তারা আবারও এ দেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। কিন্তু এই পথে আমরা আর হাঁটবো না। জননেত্রী শেখ হাসিনা আমাদের যে উন্নয়নের সূর্য দেখিয়েছেন সেই সূর্য বারবার উঠুক এটাই আমরা চাই।
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত সরকার আসে খাইতে আমরা আসছি দিতে। গত ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালে নির্বাচনে বিএনপি-জামায়াত একটা উসিলা খুঁজে, নির্বাচনকে বানচাল করার জন্য। এবারও তারা সেই চেষ্টা করেছে। গত ২০১৪ সালে তারা নিরপরাধ মানুষকে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাধারণ মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করেছে।
২০১৮ সালে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। ২০২৩ সালে এসে এই অবরোধ দিচ্ছে শুধু শুধু কোনও কারণ ছাড়াই। এই নির্বাচন না করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের মায়া দয়া নেই।
মন্ত্রী আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সকলকে উৎসব মুখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দেয়ার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র সুসংহত রাখার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।
নিউজ লাইট ৭১






















