পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: বিজিবি মহাপরিচালক
- আপডেট টাইম : ১১:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / 45
বিজিবি মহাপরিচালক রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। ছবি: নিউজ লাইট ৭১
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি’র প্রত্যেক সদস্যকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি’র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর ও দায়িত্বপূর্ণ সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি ব্যাটালিয়ন সদরের সব পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
পরে বিজিবি মহাপরিচালক কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট আইসিপি ও তৎসংলগ্ন সোনাহাট বিওপি পরিদর্শন করেন। সোনাহাট আইসিপিতে বিজিবি মহাপরিচালক গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিসহ ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর রিজিয়ন কমান্ডার, রংপুর সেক্টর কমান্ডার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১





















