ঢাকার পথে সুন্দরবন এক্সপ্রেস
- আপডেট টাইম : ০৮:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 45
প্রথম দিনে ১৩টি বগিতে ৮৬০ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে সুন্দরবন এক্সপ্রেস। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগবে অন্তত ২ ঘণ্টা। এতে খুশি যাত্রীরা। যদিও এর আগে ট্রেনটি অনেক পথ ঘুরে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাওয়া-আসা করতো।
বুধবার (১ নভেম্বর) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর রাত ৯টা ৪৫মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভোর ৫টা ১০ মিনিটে।
জানা গেছে, দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জাংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জাংশন হয়ে ঢাকা যাবে ট্রেনটি। টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পরিবর্তে নতুন রুট পদ্মা সেতু দিয়ে যাওয়ায় পথ কমেছে ২০০ কিলোমিটার। এতে সময়ও কমেছে ২ ঘণ্টা। কমেছে টিকিটের মূল্যও।





















