বিনিয়োগের আস্থার প্রতীক পদ্মা সেতু
- আপডেট টাইম : ০৬:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 20
জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকি জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পরিসরে বিনিয়োগ আসার জন্য একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইতো নাইকি বলেন, পদ্মা সেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে তার জন্য জাপানের বিনিয়োগকারীদের ৬০ শতাংশ এ দেশে বিনিয়োগ করতে চায়।
জাপান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এখন স্থিতিশীল অর্থনীতি। আশা করি অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় ৩ হাজার ডলার পেরিয়ে যাবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড জাপানের বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।
অচিরেই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে ইতো নাইকি বলেন, এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।
জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।
নিউজ লাইট ৭১























