পর্তুগিজ দূতাবাস খোলার প্রস্তাব
- আপডেট টাইম : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / 71
ঢাকায় পর্তুগিজ দূতাবাস খোলার জন্য অ্যাসেম্বলি অব পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট আদাও জোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২৬ মে) লিসবনে পর্তুগাল পার্লামেন্টে তাদের মধ্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের অবদান ও দুদেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় জনগণের সম্পর্কের কথা স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট আদাও জোসে ফনসেকা সিলভার।
বৈঠকে পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করতে প্রতিমন্ত্রী তাকে ঢাকায় একটি দূতাবাস খুলতে পর্তুগাল সরকারকে উৎসাহিত করার জন্য বা নয়াদিল্লিতে পর্তুগিজ দূতাবাস থেকে ঢাকায় পর্যায়ক্রমিক কনস্যুলার সেবা প্রদানের আহ্বান জানান। এরপর প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট।
বৈঠকে প্রতিমন্ত্রী অদূর ভবিষ্যতে দুদেশের সংসদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের জন্য একটি ফোরাম হিসেবে একটি আন্তঃসংসদ মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব করেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং এটি নিয়ে কাজ করতে সম্মত হন।
পরবর্তীকালে প্রতিমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এলডিসি পরবর্তী সময়ে অব্যাহত অগ্রগতির পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ফেরাতে পর্তুগালের অব্যাহত সমর্থন কামনা করেন।
ভাইস প্রেসিডেন্ট পর্তুগালে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য আসন্ন দ্বিতীয় জাতিসংঘ মহাসাগরীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের অংশগ্রহণের ওপর জোর দেন। বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পর্তুগালে চার দিনের সরকারি সফরে লিসবনে রয়েছেন। বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর। গুরুত্বপূর্ণ এ সফরে প্রতিমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ছাড়াও পর্তুগালের অর্থনীতি ও সমুদ্র বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
নিউজ লাইট ৭১






















