রবি ফসলের ক্ষতির শঙ্কা
- আপডেট টাইম : ০২:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / 66
লালমনিরহাটের তিন উপজেলায় শিলাবৃষ্টিতে আলুসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার। সোমবার বিকেলে এ অঞ্চলে হঠাৎ মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়।
জানা গেছে, ফাল্গুন মাসে পিয়াজ, রসুন, আলু, সরিষা, গম ও তামাক উত্তলনের মৌসুম শুরু হয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। এ সময় পিয়াজ, রসুন, আলু, গম, সরিষা, শীম, মিষ্টি কুমড়া, ভুট্টা ও তামাকসহ নানান রবি শস্যে ডুবে থাকে চাষাবাদের জমি। বর্তমানে এসব ফসল ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা। এমন সময় সোমবার বিকেলে হঠাৎ জেলার আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। শুরু হয় মেঘের গর্জন। এরপর মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। চলে কয়েক মিনিট।
তবে জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় শিলাবৃষ্টি হয়নি। কালীগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি। আদিতমারী ও সদর উপজেলার আংশিক শিলাবৃষ্টির কবলে পড়ে। ফসল ঘরে তোলার এ মৌসুমে শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, মিষ্টিকুমড়া, শিম, ভুট্টা ও তামাকের ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। সব থেকে বেশি ক্ষতি হয়েছে কালীগঞ্জ উপজেলায়। এ অঞ্চলে শিলাবৃষ্টির আকার ও স্থায়ীত্ব ছিল তুলনামূলক দীর্ঘ।
লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, ক্ষেত পরিদর্শন না করে ক্ষয়-ক্ষতি নিরুপণ করা কষ্টকর। তবে ফাল্গুন মাসে শিলাবৃষ্টিতে আলু, সরিষা, গম ও তামাকসহ মাঠে থাকা নানান জাতের সবজির ক্ষতির আশংকা রয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সবজি, সরিষা আর গম ক্ষেত। আলু ক্ষেতে পানি জমে গেলে তা দ্রুত নিস্কাশনের পরামর্শ দেন তিনি।
নিউজ লাইট ৭১





















