আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
- আপডেট টাইম : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 24
তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধুর নামে একটি উদ্যানের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৩ ডিসেম্বর) তিনি এগুলো উদ্বোধন করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বঙ্গবন্ধুর নামে উদ্যান উদ্বোধন করতে পারায় বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে করছি।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রকৃত বন্ধুর প্রতিফলন দেখানোর জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে তুরস্কের জনগণ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আজকে আঙ্কারায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার আবক্ষ ভাস্কর্যটি উন্মোচন বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার গভীর বন্ধুত্বের স্পষ্ট বহির্প্রকাশ।
ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য তার আজীবন সংগ্রামে মুস্তফা কামাল আতার্তুকের সাহস ও নেতৃত্ব দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন।
তিনি বলেন, ‘মহান এই দুই নেতার নামে দুটি রাস্তা-আঙ্কারায় বঙ্গবন্ধু জাদ্দেসি ও ঢাকায় কামাল আতার্তুক এভিন্যু, শুধু দুই নেতার প্রতি বাংলাদেশ ও তুরস্কের জনগণের মধ্যকার পারস্পারিক ভালবাসাও শ্রদ্ধারই প্রতিফলন নয়, অধিকন্তুতাঁদের আদর্শ ও দর্শনের প্রতি আস্থারও বহিপ্রকাশ’।
বাংলাদেশ ও তুরস্ক ঐতিহাসিক, সংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনে আবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, এই সম্পর্ক এমন একটি পরিপক্কতায় পৌঁছেছে- যে দেশ দুটির জন্য তা অভিন্ন গর্বের।
মোমেন বলেন, ৫০ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে।
নিউজ লাইট ৭১























