শিরোনাম :
পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে বরিশালে নানান কর্মসূচি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / 19
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে বরিশালে নানান কর্মসূচি পলিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) নগরীর সদর রোড সংলগ্ন শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এদিকে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসহায় এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আর্থিক সহায়তা তুলে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ। বিকালে নগরীর সিটি করপোরেশন চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান ঘটে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের। স্বাভাবিক জীবনে ফিরে আসে শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা।
আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। তিনি বরিশালের বাসিন্দা হওয়ায় প্রতিবছর পার্বত্য শান্তিচুক্তি দিবস জাকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়।
নিউজ লাইট ৭১
Tag :























