ভিক্ষুকের ছদ্মবেশে আসামি ধরলো পুলিশ
- আপডেট টাইম : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 82
চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আলী হোসেনকে (৭০) ভিক্ষুকের ছদ্মবেশে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনায়েত বাজার এলাকার মৃত আলী ফজলের ছেলে।
শুক্রবার বিকেলে বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।
এর আগে বৃহস্পতিবার কোতোয়ালি থানার এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া ভিক্ষুকের ছদ্মবেশে এনায়েতবাজার বাটালী রোডের বরফ গলির সামনে থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, ২০১১ সালে আলী হোসেন ও তার মেয়ে নুর বেগমকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে র্যাব বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওসি নেজাম উদ্দীন জানান, সাজা ভোগ না করার জন্য আলী হোসেন নিজেকে আত্মগোপন করেন। এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করে।
আলী হোসেনকে এর আগে বেশ কয়েকবার মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। বারবার জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরো ৬টি মাদক মামলা আছে বলেও জানান ওসি।
নিউজ লাইট ৭১























