অনিবন্ধিত ডে-কেয়ার সেন্টার চলবে না: সংসদে বিল
- আপডেট টাইম : ০৫:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / 76
অনুমোদন ও নিবন্ধন ছাড়া শিশু দিবাযত্ন বা ডে-কেয়ার কেন্দ্র চালালে ২ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা শনিবার ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ সংসদে তোলেন। দুই মাসের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিলটি পাঠানো হয়েছে।
যেসব শিশু দিবাযত্ন কেন্দ্র এখন পরিচালিত হচ্ছে তাদের নতুন আইন পাস হওয়ার ছয় মাসের মধ্যে নিবন্ধন করতে হবে।
এ ছাড়া ডে-কেয়ার স্থাপন করতে সরকারের কাছ থেকে অনুমোদন ও সনদ নেওয়ার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। ডে-কেয়ার থেকে শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর কারাদাণ্ড দেওয়া হবে। পাশাপাশি ৫ লাখ পর্যন্ত জরিমানারও প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে।
আইন পাস হলে সব ডে-কেয়ার কেন্দ্র মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আসবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ ব্যবস্থাপনায় নির্ধারিত শ্রেণির কেন্দ্র স্থাপন ও পরিচালনার নিবন্ধন সনদ নিয়ে ডে-কেয়ার পরিচালনা করতে পারবে।
বিলে বলা হয়েছে, ডে কেয়ার সেন্টারে সংক্রামক রোগের বিস্তার ঘটালে কিংবা তথ্য গোপন করলে ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা করা হবে। এছাড়া শিশু এবং ক্ষেত্রমতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, চিকিৎসা, শিক্ষা ও শিশুর অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতি ৩ মাসে একবার শিশুর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করতে হবে।
নিউজ লাইট ৭১























