প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইনকে অনুরোধ
- আপডেট টাইম : ০৪:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / 105
করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ অনুরোধ করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবার জন্য বিনামূল্যে টিকা বিতরণে সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।
নিউজ লাইট ৭১






















