তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক পুলিশ সদস্যকে আটক
- আপডেট টাইম : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / 126
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ওই পুলিশ সদস্যের নাম আব্দুল কাইয়ুম (৩২)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি জামালপুর সদর থানার বেলটিয়া এলাকায়। তিনি বিবাহিত এবং দুই ছেলে সন্তানের বাবা। খবর পেয়ে তার স্ত্রী থানায় ছুটে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়িতে যান আব্দুল কাইয়ুম। আব্দুল মন্নাছ পুলিশ সদস্যের পূর্বপরিচিত। দীর্ঘ সময় পার হলেও পুলিশ সদস্য বাড়ি থেকে বের না হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে দুপুরে তারা ওই বাড়ির একটি ঘরে গিয়ে তরুণী ও পুলিশকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই তরুণীর পরিচয় জানতে চাইলে কাইয়ুম তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তরুণী সে কথা অস্বীকার করায় জনতা তাদের দুজনকেই আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য এখনো বিয়ের কাবিননামা দেখাতে পারেননি। তরুণীর অভিভাবককে আসতে বলা হয়েছে। তারা মামলা করলে মামলা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, পুলিশ সদস্যের প্রথম স্ত্রী রাতে নান্দাইল থানায় এসেছেন। পুলিশ সদস্য দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান। তবে ওই তরুণীর সঙ্গে বিয়ে না হয়ে থাকলে বা কেউ অভিযোগ দিলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ লাইট ৭১

















