মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা
- আপডেট টাইম : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 120
নিউজ লাইট ৭১ঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে।
তিনি জানান, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষিখাতের অবৈধরা বৈধতার সুযোগ পাবে। থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশসহ ১৫টি দেশের অধৈব অভিবাসী শ্রমিকরা এর আওতাভুক্ত। এক্ষেত্রে কোনো এজেন্ট গ্রহণযোগ্য হবে না। অবৈধ যারা নিজ দেশে ফিরতে চান তাদের সে সুযোগ দেয়া হবে।
অবৈধ অভিবাসীদের আটকে এ মুহূর্তে বড় কোনো অভিযান পরিচালনা না করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকাম।
প্রসঙ্গত, রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে।
এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কুয়ালালামপুর ত্যাগের আগেও মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করেন। তিনি জানিয়েছিলেন, মালয়েশিয়া সরকার বৈধতা দেবে।























