বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
- আপডেট টাইম : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / 142
৭১: সৈয়দপুরে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সৈয়দপুর থানায় মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত আবু সাঈদ ওরফে সবুজকে (৪২) গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আবু সাঈদ ওরফে সবুজ পূর্ব বোতলাগাড়ী ওয়াপদা নতুনহাট এলাকার মৃত. আইয়ুব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের ওই ছাত্রী শহরের গোলাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। তাকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে প্রায় সময়ে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো সবুজ। ঘটনাটি ওই স্কুল ছাত্রী তার মাকে জানালে তাকে সতর্ক করা হয়। এ অবস্থায় গত ১৬ অক্টোবর বিকেলে ওই স্কুল ছাত্রী তার বড় বোনের বাড়ি ঢেলাপীর পুলপাড়ায় বেড়াতে যায়। সেখানে তার বড় বোন ও দুলা ভাইয়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবু সাঈদ সবুজকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. তরাব আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং গ্রেপ্তারকৃত আসামি সবুজকে আদালতে পাঠানো হয়েছে।


















