প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
- আপডেট টাইম : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / 140
৭১: ঘূর্ণিঝড় আম্ফানের রেশ কাটতে না কাটতে এবার সাগরে আবারও জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড়। যার নাম রাখা হয়েছে ‘গতি’।
এর সপ্তাহখানেক আগেই এ ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক আবহাওয়া দফতরগুলো। অবশেষে তাই সত্য হলো।
ভারতের আবহাওয়া দফতর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টার ৬৫ কিলোমিটার।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। তবে গতিপথ পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানতে পারে এটি। সঙ্গে হবে ভারী বৃষ্টিপাত।
আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও উড়িশ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুদিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
মূলত ঘূর্ণিঝড় ‘গতি’র নামকরণ করেছে ভারত। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনো কোনো সতর্কতা বা বার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিস।























