৯ কেজি সোনাসহ বিমানের ২ কর্মী আটক
- আপডেট টাইম : ০৪:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 5
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বিপুল পরিমাণ এই সোনাসহ ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিআইআইডির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থার কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকেই ওই দুই বিমানকর্মীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। সিআইআইডি জানিয়েছে, জুতার ভেতর অভিনব কায়দায় সোনা লুকিয়ে এই চোরাচালানের সঙ্গে আর কারা জড়িত, সোনাগুলো কোথা থেকে এসেছে এবং দেশের ভেতরে কার কাছে পৌঁছানোর কথা ছিল সেসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ লাইট ৭১












