বিশ্ব হাতি দিবস আজ
- আপডেট টাইম : ০৯:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 1
ছোট হয়ে আসছে বনের আয়তন, তার সাথে সঙ্গতি রেখে আশঙ্কাজনক হারে কমছে হাতির সংখ্যা। স্থলভাগের বৃহত্তম এই প্রাণীর গুরুত্ব তুলে ধরতে এবং এর অস্তিত্ব রক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে প্রতি বছর ১২ আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস।
২০১২ সালে কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস, মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের ‘এলিফ্যান্ট রি-ইন্ট্রোডাকশন ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে দিবসটির সূচনা হয়। প্রধানত এশীয় ও আফ্রিকান হাতির নানা সংকট দূর করা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য।
২০১২ সালের এই দিনে বিশ্ব হাতি দিবস উপলক্ষে প্যাট্রিসিয়া সিমস পরিচালিত ‘রিটার্ন টু দ্য ফরেস্ট’ নামের একটি তথ্যচিত্র মুক্তি পায়। যেখানে বন্দিদশা থেকে এশীয় হাতিদের বনে ফিরিয়ে দেওয়ার গল্প তুলে ধরা হয়, যা হাতি সংরক্ষণের বার্তা প্রচারে ব্যাপক ভূমিকা রাখে।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) তথ্য অনুযায়ী, গত এক শতাব্দীতে এশীয় হাতির সংখ্যা কমেছে প্রায় ৫০ শতাংশ। একই সঙ্গে আফ্রিকান হাতির সংখ্যাও উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে।
বাংলাদেশেও বন্য হাতির সংখ্যা আশঙ্কাজনক। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বনাঞ্চলে টিকে থাকা হাতিগুলো প্রতিনিয়ত অস্তিত্ব সংকটে ভুগছে। বনাঞ্চল নিধন, মানুষের বসতি বিস্তার এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের কারণে হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র ও করিডোরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ ও হাতির সংঘাত মারাত্মক রূপ নিয়েছে।
নিউজ লাইট ৭১






















