বাজিমাত করেছেন অলরাউন্ডার রিতু মনি
- আপডেট টাইম : ১০:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / 352
নিউজ লাইট ৭১: এবারের বিশ্বকাপে আগের দুই ম্যাচে সাইড বেঞ্চে বসেই দেখেছেন দলের পরাজয়। অপেক্ষায় ছিলেন একটি সুযোগের। আর সে সুযোগটি পেয়ে কী দারুণ কীর্তিই না গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিংয়ের রেকর্ড এখন তারই দখলে।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বেশ ভালো বোলিং করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে দেখা গেছে অসহায় আত্মসমর্পণ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা গেছে দারুণ বোলিং। বাজিমাত করেছেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি।
দলের ভাগ্য পরিবর্তন হয়নি ঠিক। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে ১৭ রানের ব্যবধানে। তবে রেকর্ডগড়া বোলিংই করেছেন রিতু। মাত্র ১৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। যার কল্যাণে জেগেছিল জয়ের আশা। সবমিলিয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রিতু। যা কি না তার ২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে গত বছরের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে নেয়া ১ রানে ৩ উইকেটই ছিলো তার সেরা। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন বগুড়ার ২৭ বছর বয়সী এ মিডিয়াম পেসার। গত ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগস্পিনার পুনম যাদভ। তাকে পেছনে ফেলে ১৮ রানে ৪ উইকেট নিলেন বাংলাদেশের রিতু মনি।
তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব মিলিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড থেকে বেশ দূরেই রয়েছেন রিতু। কুড়ি ওভারের বিশ্বকাপে নারীদের সেরা বোলিংয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র ডটিনের দখলে। গত আসরে বাংলাদেশের বিপক্ষেই মাত্র ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
এ ছাড়াও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রিতু। তিনি পেছনে ফেলে দিয়েছেন ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পান্না ঘোষের নেয়া ১৮ রানে ৩ উইকেটের কীর্তিকে। রিতু মনির রেকর্ডগড়া ম্যাচেই ৭ রানে ৩ উইকেট নিয়েছেন দলের অধিনায়ক সালমা খাতুন। যা এখন উঠে এসেছে দুই নম্বরে।
চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং১. রিতু মনি (বাংলাদেশ) : ৪-০-১৮-৪ বনাম নিউজিল্যান্ড২. পুনম যাদভ (ভারত) : ৪-০-১৯-৪ বনাম অস্ট্রেলিয়া৩. সালমা খাতুন (বাংলাদেশ) : ২.২-০-৭-৩ বনাম নিউজিল্যান্ড৪. শবনম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) : ৩.১-১-৮-৩ বনাম থাইল্যান্ড৫. হেইলি জেনসেন (নিউজিল্যান্ড) : ৪-০-১১-৩ বনাম বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং১. রিতু মনি : ৪-০-১৮-৪ বনাম নিউজিল্যান্ড (২০২০)২. সালমা খাতুন : ২.২-০-৭-৩ বনাম নিউজিল্যান্ড (২০২০)৩. পান্না ঘোষ : ৪-০-১৮-৩ বনাম শ্রীলঙ্কা (২০১৪)৪. সালমা খাতুন : ৪-১-২০-৩ বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৮)৫. জাহানারা আলম : ৪-০-২১-৩ বনাম শ্রীলঙ্কা (২০১৮)।













